
সাইমন :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশের এ তল্লাশি কার্যক্রম চলতে দেখা যায়। এর আগের দিন বুধবারও দিনব্যাপী একইভাবে তল্লাশি পরিচালনা করা হয়।
লকডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকাল থেকে সাভারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ও গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম।
আমিনবাজার চেকপোস্টে ঢাকাগামী লেনে পুলিশকে বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও পথচারীদের থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। যাত্রীদের গন্তব্য ও আগমনের স্থান সম্পর্কেও জানতে চাওয়া হচ্ছে। তবে বুধবারের মতো আজ তল্লাশির সময় যাত্রীদের মোবাইল ফোন বা গ্যালারি পরীক্ষা করতে দেখা যায়নি।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম বলেন, “আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। কেউ যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, “নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে গত কয়েকদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম চলছে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

