
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই কেজি শুকনা গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. পাপুল মিয়া বাবু (২৫)। তিনি ফরিদপুর ইউনিয়নের নয়নাপুর গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে এএসআই আবুল কাশেম, এএসআই শাপলা রাণী সিংহ, সিপাই আবু হাসান সিদ্দিক, সিপাই সোলায়মান গনি, সিপাই আকতারুজ্জামান, ওয়্যারলেস অপারেটর সুমন চৌধুরী এবং গাড়িচালক মোনায়েম হোসেনের সমন্বয়ে গঠিত একটি টিম চক গোবিন্দপুর এলাকায় অবস্থান নেয়।
বিকেল ৩টা ১৫ মিনিটে মাদারগঞ্জগামী একটি সবুজ রঙের মিশুক অটোভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা পাপুল মিয়ার কাছ থেকে একটি হালকা হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়, যার ভিতর থেকে দুই কেজি শুকনা গাঁজা পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত জব্দ করে আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
পরিদর্শক তরুণ কুমার রায় জানান, গ্রেফতারকৃত আসামি অবৈধ মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজা ও নমুনা সিলগালা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। মামলাটি অধিদপ্তরের কর্মকর্তারাই তদন্ত করবেন বলে জানা গেছে।

