
গাইবান্ধায় আবারও বাণিজ্য মেলাঃ শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ বৃদ্ধি।
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার তুলসীঘাট মিনি স্টেডিয়ামে আবারও শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। মাত্র ২২ দিন আগেই শেষ হওয়া আগের মেলার পর পরই এই নতুন মেলা আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
সূত্রে জানা যায়, নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমন গুরুত্বপূর্ণ সময়েই মেলার আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।
এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন রাতভর গান-বাজনা ও উচ্চ শব্দের কারণে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে।
শিক্ষক সমাজেরও মত—পরীক্ষার সময় মেলার আয়োজন শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
একজন শিক্ষক বলেন,
একদিকে পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে রাতভর মাইক ও বিনোদনমূলক অনুষ্ঠান—এতে শিক্ষার্থীদের মনোযোগ ভেঙে পড়বে। প্রশাসনের উচিত বিষয়টি বিবেচনায় নেওয়া।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সচেতন নাগরিকরা মেলার সময়সূচি পরিবর্তন বা সীমিত আকারে আয়োজনের দাবি তুলেছেন।
সচেতন নাগরিকদের আহ্বান:
শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে পরীক্ষার আগে মেলা স্থগিত রাখুন।
শিক্ষা ও সংস্কৃতি—দুটোর ভারসাম্য রক্ষা করা হোক।

