
মনিরুজ্জামান মনির :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার এলাকায় এক চোখধাঁধানো অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ সিরাজ মোল্যা (৩৬), যিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা। শমসেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) প্রানেশ রঞ্জন দাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে কালো ব্যাগে রাখা সমস্ত ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের বোতলগুলোতে ‘Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup’ লেখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে এ মাদকদ্রব্য তিনি ক্রয় করেছিলেন। এ ঘটনায় আটককৃত আসামিসহ পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে।
স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী এই সফল অভিযানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

