
সুমন খান :
রাজধানীতে দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিতে প্রধান সড়কগুলোতে তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টি থামলেও দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। বিশেষ করে ইসিবি চত্বর এলাকায় দেখা যায় চরম যানজটের চিত্র।
বৃষ্টির পানিতে তলিয়ে যায় আশপাশের সড়কের বিভিন্ন অংশ। এতে ধীরগতির যান চলাচল স্বাভাবিক হতে না হতেই গড়ে ওঠে দীর্ঘ যানজট। কর্মস্থলগামী মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়েন চরম ভোগান্তিতে।
স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই এ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতিবারই একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে।
ট্রাফিক পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকলেও পরিস্থিতি দ্রুত সামাল দিতে পারেনি। ফলে দীর্ঘ সময় আটকে থাকতে হয় সাধারণ যাত্রীদের।

