
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
সোমবার (৭ জুলাই) দুপুরে শহীদ সাজিদ ভবনের লিফটে এই ফ্যান স্থাপন করা হয়। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগে নীরব দর্শক হতে পারি না। তাদের কষ্ট দেখে এগিয়ে আসা আমাদের দায়িত্ব বলেই মনে করি। এই ছোট উদ্যোগ যদি কিছুটা স্বস্তি এনে দেয়, সেটাই আমাদের সার্থকতা।”
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়—মানবিক কাজে অংশ নেওয়াই আমাদের আদর্শ।”
ফ্যান স্থাপনের পুরো কাজটি জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের দিকনির্দেশনায় সম্পন্ন হয়েছে বলে জানান ছাত্রদল নেতা শাহরিয়ার।
এবিষয়ে আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটু বেশি স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেন। রাজনীতির মূল উদ্দেশ্যই হওয়া উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”
এদিকে, এমন উদ্যোগে লিফটে ওঠানামা করা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি দেখা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী আমির হোসেন বলেন, “প্রচণ্ড গরমে লিফটে উঠা সত্যিই কষ্টকর ছিল। এখন অন্তত কিছুটা শান্তি পাওয়া যাচ্ছে। এর জন্য আমরা ছাত্রদলকে ধন্যবাদ জানাই।”
উপস্থিত নেতৃবৃন্দ জানান ভবিষ্যতে ভবনের অন্যান্য লিফটেও এ ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

