
মোঃ আসিফুজ্জামান আসিফ
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ এম এ মুহিত।
শনিবার সাভারের বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজাতে চায়। শুধু রাজনৈতিক বক্তব্য কিংবা কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য সমস্যার সমাধান করতে চায় সরকার। বিগত প্রায় ১৭ বছর ধরে এই দেশের প্রতিষ্ঠানগুলো যে অবহেলার শিকার হয়েছে, দেশের জনগণ যে বঞ্চনার শিকার হয়েছে, সব সেক্টরে, সব প্রতিষ্ঠানে যে সংকট তৈরি করা হয়েছে, সেই পুঞ্জীভূত সমস্যার সমাধানে সরকার কাজ করছে।
ড. এম এ মুহিত বলেন, বিএনপি সরকার গঠনের পর গত ৬ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রীপরিষদ, আমরা দিনরাত নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছি কি ভাবে দেশের মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়, দেশের মানুষের জন্য একটু ভালো কিছু করা যায়। তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণে এবারের বাজেটে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি বরাদ্দ স্বাস্থ্যখাতে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আপনার দেখেছেন, সরকার গঠনের প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন, মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ এবং সরকারি কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সময় মতো সরকারি কর্মপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন।
আমাদের এই সরকার পুরনো ধারার যে রাজনীতি, বক্তব্য রাখার যে রাজনীতি সেখান থেকে বেরিয়ে এসেছে। যারা নতুন বন্দোবস্তের কথা বলেন, আমরা তাদের উদ্দেশে বলতে চাই এটাই নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশের পথচলা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা -১৯ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বীসহ স্থানীয় নেতারা ও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

