
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল ,
বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের নির্ধারিত সময়সীমা উপেক্ষা করে মৌলভীবাজারের কুলাউড়ায় রাত ১০টার পরও বিভিন্ন দোকানপাট ও শপিং মল খোলা রেখে ব্যবসায়িক কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।সরকারি নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আজ ১৩ আগস্ট সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময় পেরিয়ে রাত ১০টার পরও কুলাউড়ার বিভিন্ন এলাকায় দোকানপাট ও শপিং মল খোলা রেখে ব্যবসায়ীরা কার্যক্রম পরিচালনা করছেন।বিষয়টি নিয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, সরকারি নির্দেশনা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল হক মুন্না বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি জেনেছি। এক্ষুনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে নির্ধারিত সময়ের পর দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও অভিযান প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

