
জুলফিকার আলী জুয়েলঃ
আজ ৫ আগস্ট, বুধবার। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ সরকারি ছুটি।
দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি নিয়েছে সরকার। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও পৃথক কর্মসূচি পালন করছে। সকালে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সাজানো হয়েছে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শহীদ পরিবারগুলোর কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান দীর্ঘ সময়ের শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি ঐতিহাসিক ঘটনা। তিনি জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে যেন ভবিষ্যতে আর স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা বা উগ্রবাদের পুনরুত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
এদিকে দিবসটি উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলোচনা সভা, সমাবেশ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

