
দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় এক নারী অভিযুক্ত কৌশলে পালিয়ে যান। রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মো. আরিফ হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ৭নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিলারং উত্তরপাড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোছা. হাজেরা (৫৫), স্বামী মো রফিক মিয়া এবং মো. সুজন মিয়া (৩৩), পিতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম শুকনা গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় মোছা. শিল্পী আক্তার (৪০) নামে এক নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাজাহান আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

