
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জগৎবাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে পূর্বের অপরাধ পুনরাবৃত্তি করায় এক অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, এর আগে গত ১ জুন ২০২৬ তারিখে জগৎবাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল এবং ভবিষ্যতে এই ধরনের তেল বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
কিন্তু নির্দেশনা অমান্য করে গত ২১ জুলাই ২০২৬ তারিখে পুনরায় অভিযান পরিচালনাকালে তার প্রতিষ্ঠানে একই ধরনের কম পরিমাণের তেল পাওয়া যায়। পরবর্তীতে মাপজোখ করে দেখা যায়, প্রতিটি লিটারে প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে।
পূর্বে সতর্ক ও দণ্ডিত হওয়ার পরও একই অপরাধ পুনরায় করায় ভ্রাম্যমাণ আদালত কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধার অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা প্রসিকিউশন প্রদান করেন। জনস্বার্থে বাজার মনিটরিং ও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

