
মার্শাল হাসান-বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দক্ষিণ এশিয়ার কারাতে অঙ্গনের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আগামী ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ এবং ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ-২০২৬।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে বিভিন্ন বিভাগে মোট ৫৬৫ জন খেলোয়াড় অংশ নেবেন। এবারের আসরে ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ৬৩টি এবং অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপে ৩০টি, অর্থাৎ সর্বমোট ৯৩টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে নামবেন প্রতিযোগীরা।
এর আগে ১৬ ও ১৭ জুলাই রাজধানীর পার্বত্য কমপ্লেক্স অডিটোরিয়াম, বেইলী রোডে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী রেফারি ও কোচেস লাইসেন্সিং কোর্স ও পরীক্ষা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি রেফারি ও কোচ এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক মানের দক্ষ কর্মকর্তা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আসন্ন প্রতিযোগিতা উপলক্ষে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো. শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, সদস্য আবুল কালাম আজাদ, মাসুদুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার কারাতে অঙ্গনে বাংলাদেশের সাংগঠনিক সক্ষমতা ও ক্রীড়া অবকাঠামোর ইতিবাচক দিক আরও একবার বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে দেশের কারাতে খেলোয়াড়দের জন্য এটি হবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

