
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. শাহজাহান (৫৪) নামের এক ট্রেনচালককে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া স্টেশনে থামলে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায়। তল্লাশির সময় প্রথমে বাধা দিলেও পরে ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রেনের চালক মো. শাহজাহানকে আটক করা হয়। তবে অভিযানের সুযোগ বুঝে সহকারী চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্রেনের ইঞ্জিনের ভেতর বস্তায় ভরে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রেনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মাদকের এই চালান পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

