
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এবারের ক্যাম্পেইনে জেলার ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৪০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৬৭৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
সভায় ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয় এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

