
রিয়া মনি :
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক জনাব একেএম আরিফ উদ্দিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ ২৩ জুন (২০২৬) বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়, জনাব একেএম আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁর এই রূপ আচরণ ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০’ এর বিধি ৩৫ (খ) ও (ঙ) এর স্পষ্ট লঙ্ঘন। এর প্রেক্ষিতে উক্ত প্রবিধানমালার বিধি ৪১(১) মোতাবেক তাঁকে কর্তৃপক্ষের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তবে এই ভাতা পাওয়ার জন্য তাঁকে নিয়মিত কর্তৃপক্ষের প্রশাসন ও মানব সম্পদ বিভাগে হাজিরা প্রদান করতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষেই তাঁর খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
আরিফ উদ্দিনের বরখাস্তের কারণে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের পদটি শূন্য হওয়ায় সেখানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও মানব সম্পদ বিভাগের বর্তমান পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ‘পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ’ এর দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপিটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

