
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মেদদাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর, আসবাবপত্র ও কৃষিপণ্য পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো মেদদাপাড়া গ্রামের চৈতুর ছেলে ইয়াসিন আলী এবং ঘুঘুলাল মেম্বারের ছেলে নুরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আলীর বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে থাকা খড়সহ দাহ্য সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের নুরুজ্জামানের বাড়িতেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুই পরিবারের ভুট্টার খড়ের ঘর, বসতঘর, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া ঘরে থাকা তিনটি সেচ মেশিনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় গরু-ছাগল নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে, ফলে প্রাণিসম্পদের বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

