
আল মুজাহিদ-(যশোর)
যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিলের চেষ্টা ভেস্তে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টোর উপস্থিতিতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
শুক্রবার জুম্মার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে মিছিল শুরু করার চেষ্টা করেন। এ সময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, “যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।” তিনি ছাত্রদলের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক হওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে

