
আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি পলায়ন,দুই পুলিশ সদস্য বরখাস্ত
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। দায়িত্ব অবহেলার দায়ে অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্য হলেন— কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল রয়েল বড়ুয়া।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পুলিশের হেফাজতে থাকা মাদক মামলার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় হাতকড়াসহ কৌশলে পালিয়ে যান আসামি শাহীন। একই সময়ে অপর আসামি সজল পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আসামি শাহীনকে বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিকভাবে কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল রয়েল বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

