
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় এক চিকিৎসক দম্পতির বাসায় ১১ বছরের এক গৃহকর্মী নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা ওই কিশোরীর নাম আয়েশা। পুলিশ তাকে উদ্ধার করে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
অভিযুক্ত চিকিৎসক কে এম আব্দুল্লাহ আল নোমান ঢাকার ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী আয়েশাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে আয়েশার নানা তাকে ওই চিকিৎসকের বাসায় গৃহপরিচারিকার কাজে দেন।
পরিবারের অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকেই তার ওপর নানাভাবে নির্যাতন চালানো হতো। এক পর্যায়ে মেয়েটির মাথার দীর্ঘ চুলও কেটে দেন চিকিৎসকের স্ত্রী। গত তিন মাস ধরে আয়েশার পরিবার তাকে দেখতে চাইলে বা বাড়িতে নিয়ে যেতে চাইলে ওই ডাক্তার দম্পতি বাধা সৃষ্টি করেন এবং কোনোভাবেই দেখা করতে দেননি।
বারবার আকুতি জানিয়েও মেয়ের দেখা না পেয়ে অবশেষে পরিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে চিকিৎসকের বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় মেয়েটির শরীরে আঘাত ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়।
বর্তমানে আয়েশা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্যাতিতা কিশোরীর বাবা-মা কান্নায় ভেঙে পড়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ডাক্তার দম্পতির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

