
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশায় মাদক বহনের সময় ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আদেল (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আদেল আশুগঞ্জ উপজেলার সোহাগপুর (সরকার বাড়ি) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের বাগদিয়া (আমতলী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন সিএনজিকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজি থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সিএনজিচালক আদেলকে আটক করা হয়।
বিজয়নগর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

