
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলপড়ুয়া সন্তানের জন্য দুপুরের খাবার দিতে যাওয়ার সময় মোটরে ওড়না পেঁচিয়ে শিরিনা আক্তার (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার বনবিভাগ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলীর স্ত্রী শিরিনা আক্তার তার ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাবিবের জন্য জন্য দুপুরের খাবার নিয়ে বাড়ি থেকে বের হন। পথে পাশের একটি বাড়িতে আরেক শিক্ষার্থীর খাবার নিতে যান। সেখানে বেকারির কাজ চলছিল এবং ইঞ্জিনচালিত জেনারেটর চালু ছিল। খাবার নিয়ে বের হওয়ার সময় অসাবধানতাবশত জেনারেটরের সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

