
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাতের অন্ধকারে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. সালাউদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় কৃষিজমির মাটি কাটার অপরাধে সালাউদ্দিনকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় এবং ভবিষ্যতে আর কখনও কৃষিজমির মাটি কাটবেন না—এই মর্মে মুচলেকা দেওয়ার পর জব্দকৃত ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “ফসলি জমি রক্ষায় আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে কৃষিজমির ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

