
নিজস্ব প্রতিনিধি :
ভোটের বিনিময়ে অর্থ প্রদানের প্রলোভন ও ভোটারদের জাতীয় পরিচয়পত্র জমা নেওয়ার অভিযোগে একটি বিতর্কিত লিফলেট ছড়িয়ে পড়েছে। লিফলেটে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার নির্দেশনা দিয়ে ভোটারদের কাছ থেকে আইডি কার্ড ও ব্যালট সিল মারার ছবি সংগ্রহের কথাও উল্লেখ করা হয়েছে।
লিফলেটে দাবি করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী একটি দলের প্রার্থীর পক্ষে ভোট নিশ্চিত করতে ভোটারদের বিভিন্ন শর্ত মানতে বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে—পরিবারের সকল সদস্যকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা, ভোট দেওয়ার সময় ব্যালট সিলের ছবি তুলে রাখা এবং ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে নির্দিষ্ট প্রতিনিধির হাতে ভোটার আইডি কার্ড জমা দেওয়া।
লিফলেটে আরও বলা হয়, ভোট দেওয়ার পর ভোটারদের কেন্দ্রের আশপাশে অবস্থান করতে হবে, কারণ বিশেষ কারণে প্রতিনিধিদের মাধ্যমে অর্থ প্রদান করা হতে পারে। দাবি অনুযায়ী, নির্বাচন ফলাফল ঘোষণার পর ভোটারদের বিকাশ বা নগদের মাধ্যমে অথবা সরাসরি নগদে অর্থ দেওয়া হবে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—লিফলেটে ভোটারদের ব্যালটে সিল দেওয়ার ছবি সংগ্রহ করে তা গোপনে সংরক্ষণের নির্দেশনা রয়েছে, যা নির্বাচনী আইন ও গোপন ব্যালটের নীতির সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে নির্বাচন পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ ধরনের লিফলেট ভোটের স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

