
মাদক ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত সাইফুল ইসলাম ঢোল বাবুর বিএনপিতে যোগদান নিয়ে নরসিংদীতে ক্ষোভ ও নিন্দার ঝড়
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে ইয়াবা, ফেনসিডিল ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ঢোল বাবুর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও সাইফুল ইসলাম ঢোল বাবুর মতো বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হলে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে বলে মনে করছেন অনেকেই। এতে একদিকে দলের সুনাম ক্ষতিগ্রস্ত হবে, অপরদিকে অপরাধী ও মাদক কারবারিদের আশ্রয় দেওয়ার অভিযোগ আরও জোরালো হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
বিশেষ করে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে খায়রুল কবির খোকনের ভোটারদের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ভোটার মনে করছেন, এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের দলে টেনে নেওয়া হলে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।
এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে সাইফুল ইসলাম ঢোল বাবুকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধী যেন পার না পায়—এটাই এখন এলাকার মানুষের প্রধান দাবি।

