
মাহফুজ আহাম্মেদ মুন্না :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬।
সোমবার (০২ জানুয়ারি ২০২৬) সকালে যুগীরচালা রহমত ১ নম্বর গেইট সংলগ্ন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবে রূপ নেয়।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল— বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এবং গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা আজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, তাদের তিনি আন্তরিক অভিনন্দন জানান এবং যারা বিজয় অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো করার আহ্বান জানান।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের নিয়মিত খেলাধুলার সুযোগ দিতে হবে, যাতে তারা অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।
বক্তব্যের শেষাংশে তিনি নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরুজ আহমেদ ও সেলিম আহমেদ।
শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

