
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের তুলনায় এটি হবে সম্পূর্ণ ব্যতিক্রম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সে কারণে এবার মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষের ঢল নামছে। মানুষের মধ্যে যে আনন্দমুখর পরিবেশ এবং প্রার্থীর সঙ্গে কথা বলার যে আকুতি আমরা দেখছি, তাতে আমরা অভিভূত।”
তিনি আরও যোগ করেন, “জনগণ তাদের অভিযোগ জানাতে চায় এবং তারা একটি পরিবর্তনের প্রত্যাশায় আমাদের কাছে আসছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই ভালো। নির্বাচন কমিশন ও প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা আশা করি, নির্বাচনের দিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।”
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোডের গল্লামারী এলাকা এবং বেলা সাড়ে ১১টায় ২৫ নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং দেশের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ,শমসের আলী মিন্টু, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, আল জামাল ভূঁইয়া, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চলসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

