
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “সাম্প্রদায়িক অপশক্তি ফ্যাসিবাদের চেয়ে সমাজের জন্য আরো বেশি বিপজ্জনক। যেকোনো রাজনৈতিক শাসন মানুষকে সাময়িকভাবে দমন করতে পারে, কিন্তু সাম্প্রদায়িক অপশক্তি দেশের অভ্যন্তরীণ সংহতি এবং হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে চিরতরে ধ্বংস করে দেয়।” শুক্রবার খুলনার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু উল্লেখ করেন যে, সাম্প্রদায়িকতা দেশের স্থিতিশীলতার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, “দেশের শান্তি ও অগ্রগতির জন্য সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন ও বিদ্বেষ কখনো কোনো জাতির জন্য কল্যাণ বা সমাধান বয়ে আনতে পারে না। যারা দেশের এই সঙ্কটময় মুহূর্তকে কাজে লাগিয়ে ফায়দা লুটতে চায়, তারা আসলে এদেশের শত্রু।”
শুক্রবার জুম্মার নামাজের পর নিরালা জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু।
বাদ আসর শেরে বাংলা রোডে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সমিতির সভাপতি মোরশেদ উদ্দিনের সভাপতিত্বে এবং জাফর আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পরিচালনায় সভায় স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে তিনি বিকেলে দোলখোলা শ্রীশ্রী শীতলাবাড়ি কালী মন্দিরের কার্যকরী সংসদের সাথে মতবিনিময় করেন। বিজয় কুমার ঘোষের সঞ্চালনায় এই সভায় সভাপতিত্ব করেন সুজিত সাহা।
দিনের শেষভাগে রাত সাড়ে ৮টায় স্যার ইকবাল রোডস্থ আর্য ধর্মসভা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এ সময় মন্দির কমিটির সভাপতি চিত্ত সাহা, সাধারণ সম্পাদক সমর কুণ্ডু এবং উজ্জ্বল কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সকল কর্মসূচিতে নজরুল ইসলাম মঞ্জুর সাথে আরও উপস্থিত ছিলেন,জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ,শামসুজ্জামান চঞ্চল , ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট গোলাম মওলা, অ্যাডভোকেট এমদাদুল হক হাসিব, মুজবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন,শেখ বায়েজীদ, মাজহারুল,আসিফ,মাসুম বিল্লাহ সহ খুলনার বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যের শেষে তিনি সকলকে ধৈর্য ধারণ করার এবং যেকোনো ধরনের উস্কানির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

