ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসেনি, বরং এসেছে মানুষকে সংশোধন করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য— মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার আমির ডঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ইসলামের মৌলিক দর্শন হলো ন্যায়ের প্রতিষ্ঠা এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা। যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষ তাদের অধিকার আদালতের দ্বারস্থ না হয়েই পেয়ে যাবে।”
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে শ্রীপুর উপজেলা সাংবাদিক কল্যাণ কমিটি।
জাহাঙ্গীর আলম বলেন, “আন্তর্জাতিক রাজনীতি, ধর্ম-বর্ণ বা দলগত বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন নিশ্চিত করাই ইসলামিক কল্যাণ রাষ্ট্রের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি, সমঝোতা, জুয়া ব্যবসা কিংবা কোনো অনৈতিক কার্যক্রম ইসলামে নেই, ভবিষ্যতেও থাকবে না। নারী-পুরুষের সম্মান রক্ষাই ইসলামের অন্যতম শিক্ষা। দেশে আজ ১৫ হাজার রাস্তা, ১২ হাজার মসজিদ—কিন্তু নারীদের যথাযথ নিরাপত্তা নেই। আমরা চাই নারী-পুরুষের সমান মর্যাদা প্রতিষ্ঠা হোক। যদি কেউ নিজের দায়িত্ব পালন না করে, তাহলে তার ওপর আবার দায়িত্ব চাপানোর কোনো সুযোগ নেই।”
জাহাঙ্গীর আলম জানান, ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, “আমরা কাউকে ভয় দেখাতে চাই না; বরং সঠিক পথ দেখাতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মোজাম্মেল হক, সাবেক নায়েবে আমীর আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সেক্রেটারি তানভীর আহমেদসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় শ্রীপুর উপজেলা সাংবাদিক কল্যাণ কমিটির সদস্যরা অংশ নেন।