
সোলায়মান-স্টাফ রির্পোটার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মানিকগঞ্জের ঘিওরে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ঘিওর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) তাঁর পিতা—১/১১ এর রাজনৈতিক সংকটকালে বিএনপির কান্ডারীর ভূমিকা পালনকারী প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনাতেও বিশেষ দোয়া করেন।
দোয়া মাহফিল শেষে সকল মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়।

