
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে নির্বাচনী সভা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কা ও ট্রাকের চাপায় তিন বিএনপি কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকেলে ভাগা বালুর মাঠে বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের নির্বাচনী সভায় অংশ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন জানান, দুর্ঘটনার পর আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

