
নিজস্ব প্রতিনিধি :
আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, তখন বিশেষ নজর কেন্দ্রীভূত হয়েছে রাজধানীর দুইটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৫ ও ঢাকা-১৬–এর দিকে। এই দুই আসনে লড়বেন বিএনপির দুই শক্তিশালী নেতা, যাদের উপস্থিতি ইতিমধ্যেই নির্বাচনী মাঠে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন প্রতিদ্বন্দিতা করবেন জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমানের বিপক্ষে। মিল্টন দীর্ঘদিন ধরে ত্যাগী নেতাকর্মীদের সাথে মাঠে কাজ করে আসছেন এবং তিনি এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত।
অন্যদিকে, ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দিতা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, সার্ফ বিজয়ী আমিনুল হক। তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই ঢাকা উত্তরের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
নির্বাচনী মনোনয়ন ঘোষণার পর দুই নেতা — আমিনুল হক ও শফিকুল ইসলাম খান মিল্টন — একত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসে আগামী দিনের করণীয় ও নির্বাচনী কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জানান, “ঢাকার জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা ১৫ ও ১৬ আসনের এই দুই প্রার্থী কেবল রাজধানী নয়, সারা দেশের রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন।

