
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের কর্ণধার ও বিএনপির বিশিষ্ট নেতা শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, সমাজের নৈতিকতা, সচেতনতা ও উন্নয়ন অগ্রগতিতে ইমাম সাহেবদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, “একজন ইমাম কেবল নামাজের ইমাম নন, তিনি সমাজের নৈতিক দিকনির্দেশক, মানবিকতার শিক্ষক এবং সঠিক পথে চলার পথপ্রদর্শক।”
আজ শুক্রবার জুমার নামাজের আগে রাজধানীর ১৩ নম্বর ওয়ার্ডের বায়তুন নুর জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, “আমাদের এলাকায় যে সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে— এগুলোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যেন কোনো এতিম শিশু খাবার বা আশ্রয়ের কষ্টে না থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়গুলোতে অত্যন্ত সংবেদনশীল ও যত্নশীল।”
তিনি বলেন, “এই এতিম ও শিক্ষার্থীরা একদিন জাতির বিবেক হয়ে উঠবে— তারা হবে আগামী প্রজন্মের দেশপ্রেমিক নেতা। তাই তাদের প্রতি যত্নবান হওয়া মানেই দেশের ভবিষ্যতের প্রতি যত্নবান হওয়া।”
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে মিল্টন বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ, উন্নয়ন ও গণতন্ত্রের পথে ধানের শীষই একমাত্র ভরসা। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুন, ধানের শীষের বিজয় নিশ্চিত করুন, তাহলেই দেশের অগ্রগতি ও কল্যাণ সম্ভব হবে।”

