
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর জেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
২৭ অক্টোবর সোমবার দুপুর থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী এই উৎসব উদযাপিত হয়।
এরপর শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে থানামোড় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো শহর মুখর করে তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সভাপতিত্ব করেন শেরপুর জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী,
জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন,
জেলা বিএনপির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন,
সাবেক ছাত্রদল সভাপতি আকরামুজ্জামান রাহাতসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আতাহারুল ইসলাম আতা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠনই ভবিষ্যতের রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে। এ দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা, দেশের উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “আজকের যুবসমাজ যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে এই দেশ আবারও গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে অগ্রসর হবে। যুবদল হচ্ছে বিএনপির প্রাণ। তারুণ্যের শক্তিই একদিন এই দেশের ভাগ্য পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সবসময় অগ্রভাগে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

