
আইপিএলে ফের অধিনায়কত্বে ফিরছেন বিরাট কোহলি। ২০২৫ আসরে নিজ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। এর আগে তিনি টানা ৯ মৌসুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। যদিও তার নেতৃত্বের মেয়াদে বা এর আগে–পরে ফ্র্যাঞ্চাইজিটি কখনোই ট্রফি জিততে পারেনি।
টাইমস অব ইন্ডিয়ার খবর, কোহলির সঙ্গে আগামী আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে। যেখানে ২০২১ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে চলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসি ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। তবে তার বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ক্ষেত্রে কোহলিই তাদের কাছে সেরা সমাধান।
এর আগে ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা ৯ আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার নেতৃত্বে ২০১৬ সালে ফাইনালও খেলে দলটি, যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।
পরবর্তীতে ২০১৭ সাল থেকে পরের চার বছর বেঙ্গালুরুর পাশাপাশি ভারত জাতীয় দলের তিন সংস্করণের অধিনায়কত্বও করেছেন কোহলি। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরপর বেঙ্গালুরুর দায়িত্বও স্বেচ্ছায় ত্যাগ করেন তিনি।
তার নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু, যা মহেন্দ্র সিং ধোনি (২২৬) ও রোহিত শর্মার (১৫৮) পর তৃতীয় সর্বোচ্চ। তার অধিনায়কত্বে বেঙ্গালুরু জিতেছে ৬৬ ম্যাচ, হেরেছে ৭০টি। এ ছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page