
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর সূত্রাপুরে শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় মো. আবু সাঈদ (৫৯) নামে তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি সূত্রাপুর থানা তাঁতী লীগের সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাতে সূত্রাপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় তার মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনকারী ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় তাদের ওপর আক্রমণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেমের বাম চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এলেম হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page