মোঃ আসিফুজ্জামান আসিফ
দেশের যুবসমাজকে আধুনিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ বিতরণ ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিতরণ করা ঋণ কিংবা যেকোনো প্রকল্পে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ এলাকার যুব উন্নয়নের আধুনিকায়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা লিখিতভাবে মহাপরিচালকের কাছে পাঠাতে হবে। প্রতি চার মাস পরপর সংশ্লিষ্টদের নিয়ে কাজের অগ্রগতি ও মাঠপর্যায়ের সমস্যা পর্যালোচনা করা হবে।
কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, প্রতিটি উপজেলা ও জেলা কার্যালয়ে দ্রুত ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর কাজে গাফিলতি কিংবা তদবির সংস্কৃতি বরদাশত করা হবে না।
যুবদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, প্রচলিত ৮৩টি ট্রেডের পাশাপাশি ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও তৃতীয় ভাষা শেখার কোর্স উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুবদের প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে প্রচলিত ঋণের পাশাপাশি বিশেষ উদ্যোগ হিসেবে ‘ল্যাপটপ ঋণ’ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
কর্মশালায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোঃ মোতাহার হোসেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page