শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার বেড়া বাজারের বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিসের বেশি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, জাল তৈরির মেশিন ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে বনগ্রাম এলাকায় জনৈক ঈশ্বরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
অভিযান চলাকালে বাড়িটিতে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল এবং জাল তৈরির মেশিন ও অন্যান্য মালামাল পাওয়া যায়। তবে অভিযুক্ত ঈশ্বরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাকে ঘটনাস্থলে আটক করে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ করা নিষিদ্ধ জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নদী-খাল ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, চায়না দুয়ারি জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এ ধরনের জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page