
হামিদুর রহমান সবুজ :
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার ১৫টি গ্রামে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রকল্পটির আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র সর্বোচ্চ ২০ রুপি দরে কেনার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির সঙ্গে যুক্ত গ্রামীণ নারীরাও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। গোমূত্র সংগ্রহের কাজে সহায়তা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রামীণ নারীদেরও বিকল্প আয়ের পথ তৈরি হবে।
সরকারের মতে, দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালের ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এসব গরু থেকে গোমূত্র সংগ্রহ করে কৃষকরা আয় করতে পারলে পরিত্যক্ত বা অবহেলিত গবাদিপশুর পরিচর্যায় উৎসাহ বাড়বে।
প্রাথমিক পর্যায়ে ১৫টি গ্রামে প্রকল্পটি
পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। এর ফলাফল পর্যালোচনার পর ভবিষ্যতে প্রকল্পটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page