খুলনা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত
মাসুম বিল্লাহ:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার সকালে নগরীর মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ৩১নং ওয়ার্ড এলাকার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেসিসি এই পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান এবং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাঠপর্যায়ে পরিদর্শন চালান। পরিদর্শনের মধ্যে ছিল—দক্ষিণ টুটপাড়া মেইন রোডসহ ২নং ক্রস রোড, মতিয়াখালী মেইন রোড, লবনচরা স্লুইচগেট, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারী কাঁচা বাজার, বাইতিপাড়া, সিমেট্রি রোড এবং ধর্মসভা ক্রস রোড। এ সময় তিনি এসব এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা, চলমান বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধন কার্যক্রম সরেজমিন খতিয়ে দেখেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page