
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুর রহমান নবীনগর থানার মোল্লা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২২ সালের ২৮ জানুয়ারি নবীনগর উপজেলার মালাই গ্রামের মৃত লতিফ মিয়ার কন্যা মনিরা বেগমের সাথে সাইদুর রহমানের বিয়ে হয়।
বিয়ের সময় পাত্রপক্ষকে দেনমোহরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বাবদ মোট ৪ লাখ টাকা উপহার দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই সাইদুর রহমান ও তার পরিবার আরও অতিরিক্ত ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে মনিরা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে তাকে মারধর করে ভাড়া বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনায় নির্যাতিতা মনিরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলা (সি.আর. মামলা নং- ১৫৭৬/২৫) দায়ের করেন।
আদালত মামলার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারির পর আসামি আত্মগোপনে থাকার চেষ্টা করলেও পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী মনিরা বেগম আদালতের কাছে সঠিক বিচার ও ন্যায়বিচার কামনা করেছেন।
এদিকে আসামি সাইদুর রহমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page