
মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর বাজারে দুষ্কৃতকারীদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন গাজীপুর থেকে অপহৃত ২২-২৩ বছর বয়সী এক যুবক। আজ বুধবার (২২ জুলাই) আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে মজলিশপুর বাজারের ঘাটপাড় থেকে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় ওই যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মজলিশপুর বাজারের ঘাটপাড়ে কয়েকজন স্থানীয় লোক বসে থাকা অবস্থায় হঠাৎ আঘাতপ্রাপ্ত ও নির্যাতন সহ্য করা এক যুবক দৌড়ে এসে "আমাকে বাঁচান" বলে আকুতি জানান। নির্মম শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় ছেলেটি পরবর্তীতে আর কোনো তথ্য গুছিয়ে বলতে পারছিল না।
অনুসন্ধানে জানা যায়, ছেলেটিকে গাজীপুর থেকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল এবং মূল উদ্দেশ্যে ছিল তাকে হত্যা করা। এই ঘটনায় স্থানীয় সহায়তাকারী হিসেবে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের 'পিয়াস' (পিতা: লুৎফুর রহমান বিপ্লব) নামের এক যুবক সক্রিয় ভূমিকা রাখে। পিয়াসসহ প্রায় ৫ জনের একটি সংঘবদ্ধ দল ভুক্তভোগী যুবকটিকে জোরপূর্বক একটি ট্রলারে তোলার চেষ্টা করছিল। এ সময় ঘটনাটি টের পেয়ে মজলিসপুর বাজারের সচেতন ব্যবসায়ীরা তাদেরকে হাতেনাতে ধরে আটক করেন। পরবর্তীতে নিকলী থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের থানা হেফাজতে নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক হওয়া পাঁচ সদস্যই টাকার বিনিময়ে অপরাধ সংঘটনকারী (কন্ট্রাক্ট কিলার) এবং তাদের প্রত্যেকের বাড়ি দেশের পাঁচটি ভিন্ন জেলায়। অপরাধের ধরন গোপন রাখতে ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) ভিত্তিক ট্র্যাকিং এড়াতে তারা সুপরিকল্পিতভাবে তাদের কারোর সাথেই কোনো মোবাইল ফোন রাখেনি—সবকটি ফোন এক জায়গায় লুকিয়ে রেখে এসে অপরাধ সংঘটনের চেষ্টা চালায়।
সম্প্রতি নিকলী হাওর অঞ্চল পর্যটন এলাকা হিসেবে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কোনো অপরাধী চক্র যেন পর্যটন কেন্দ্র বা স্থানীয় এলাকাকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করতে না পারে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাকে নিরাপদ রাখতে অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে স্থানীয় জনগনকে সচেতনতার সাথে জিজ্ঞাসাবাদ করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে স্থানীয় জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সতর্ক থাকার জোর দাবি উঠেছে।
নিকলী থানা পুলিশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আসামিদের হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page