
গাজীপুর প্রতিনিধি :
জাতীয় সম্পদ রক্ষা ও গ্যাস চুরি প্রতিরোধে গাজীপুর মহানগরীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে বেশ কয়েকটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দিনব্যাপী গাজীপুর মহানগরীর সালনা মন্ত্রীবাড়ি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
অভিযানকালে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জাতীয় সম্পদ রক্ষা ও গ্যাস চুরি বন্ধে অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির শ্রীপুর কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জুয়েল রানা, উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো. রাকিব হাসান, শাকিল আহমেদ, শোয়াইব নাজম ও সোহেল মিয়াসহ তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page