জেলা প্রতিনিধি :
দিনাজপুর শহরের সুইহারী ডাইল বেচার বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ মোছা.পপি বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ জুলাই রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার পপি বেগম সুইহারী ডাইল বেচার বাগান এলাকার ইমাম হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার একটি ভাড়া বাসার শয়নকক্ষে মাদক বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পপি বেগম পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে তার ভাড়া করা শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা লাল ঢাকনাযুক্ত সাদা রঙের একটি প্লাস্টিকের পাত্র থেকে ১০ পিস নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি ভাঙা ও খালি ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার পপি বেগমকে আদালতে সোপর্দ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page