মোঃ রফিকুল ইসলাম মৃধা,
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে মহিপুর থানাধীন ধুলাসারের আশাখালী মৎস্য বন্দরে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক ক্ষুদ্র জেলে ও মৎস্য ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন দালাল, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, মৎস্য ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. শাহজাদা হাওলাদার, মৎস্য ব্যবসায়ী মো. মর্তুজা আহমেদ, জেলে সোহাগ গাজী এবং মো. সাইদুলসহ স্থানীয় মৎস্যজীবীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং পরিচালনা করছে। পাশাপাশি বটম ট্রলিং, বেহুন্দি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মাছের উৎপাদন কমে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে পরিবার জীবিকা সংকটে পড়েছে। তাদের দাবি, অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জেলেদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘ট্রলিং ব্যবসায়ীরা আদালতকে ভুল বুঝিয়ে একটি আদেশ এনেছেন। আমরা সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করব। অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মৎস্যজীবীরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page