
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০২৪ সালের জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রাঙ্গণে নির্মিত হয়েছে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’।
আজ নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে নির্মিত এই স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, "২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নবীনগরের সূর্যসন্তানরা যে অসামান্য আত্মত্যাগ করেছেন, তা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের এই বীরত্বগাথা নতুন প্রজন্মকে ন্যায়, সত্য এবং গণতন্ত্রের পথে সবসময় অনুপ্রাণিত করবে।"
তিনি আরও বলেন, এই স্মৃতি স্তম্ভ কেবল একটি স্থাপনা নয়, বরং এটি সেই সব বীর শহীদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
উদ্বোধন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শহীদদের স্মৃতি যেন সবসময় অম্লান থাকে এবং নবীনগরবাসী সবসময় তাঁদের সাহসিকতাকে সম্মানের সাথে স্মরণ করে।
উদ্বোধনী আয়োজনে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণের মাধ্যমে নবীনগরবাসী তাদের বীর সন্তানদের অবদানের প্রতি যে দায়বদ্ধতা প্রকাশ করল, তা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page