সাকিব হাসান নাইম
ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দিনাজপুরের ঘোড়াঘাটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক হয়ে রাণীগঞ্জ তেলের পাম্প পর্যন্ত গিয়ে পুনরায় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, দিনাজপুর শহর পেশাজীবী পরিষদের সভাপতি সোলায়মান আজাদ, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন এবং উপজেলা বায়তুলমাল সম্পাদক মোফাজ্জল হোসেন মিঠু।
বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ন্যায়, মানবিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page