মোঃ পারভেজ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে পটিয়া উপজেলার ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে।
জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সরকারি সহায়তা পৌঁছে দিতে তিনি নিয়মিত উদ্যোগ গ্রহণ করছেন।
বৃহস্পতিবার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আক্তার মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দীন এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পটিয়ার সাংসদ এনামুল হক এনামের পক্ষ থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page