মোঃ হিমেল হোসেন
কয়েক দিনের টানা বর্ষণে নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী-সেনপাড়া সড়কের বেগুনজোয়ার এলাকায় ভয়াবহ ক্ষতির সৃষ্টি হয়েছে। সড়কের একটি অংশ ধসে বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও প্রতিদিন এ পথে চলাচলকারী অসংখ্য মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কের নিচের মাটি ধীরে ধীরে সরে গিয়ে একপর্যায়ে রাস্তার একটি অংশ ধসে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশের পরিধি বাড়তে থাকায় পুরো সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিরাপত্তার অভাবে ভারী যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী জানান, পানির প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে রাখতে তারা নিজেদের উদ্যোগে সাময়িক ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে আবর্জনা ফেলেছেন। তবুও জীবনের ঝুঁকি নিয়েই ভ্যান, রিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচল করছে। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে।
স্থানীয় পথচারী জাহাঙ্গীর আলম এবং এক অটোরিকশাচালক বলেন, ক্ষতিগ্রস্ত স্থানটি ছাড়াও একই সড়কের আরও কয়েকটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই শুধু ধসে যাওয়া অংশ মেরামত করলেই হবে না; দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পুরো সড়কের সংস্কার প্রয়োজন।
আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ও ছবি পাঠানো হয়েছে।
উপজেলা প্রকৌশলীর পদ শূন্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা জানান, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত সংস্কার এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page