মুহাম্মাদ রাকিবুল ইসলাম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক কারবারের অভিযোগে ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে র্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ইকবাল হোসেন উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ইমান আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ ও বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে মজুত রাখা হয়েছিল বলেও দাবি করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page