নিজস্ব প্রতিনিধি,
জেলার বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ৪৫ বিজিবি বরকল জোন।
আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি বাঙালি শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষা করাসহ ঔষধ প্রদান করেন।
তিনি জানান, আশ্রয় কেন্দ্রে থাকা বেশির ভাগ শিশুর সর্দি, নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডাজনিত কাশি, হাঁপানি, ও শারীরিক দুর্বলতা রয়েছে। বিজিবির পক্ষ থেকে এসব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিজিবির ফ্রি চিকিৎসা নিতে আসা আসমা বেগম বলেন, বাচ্চা অসুস্থ, তাই সেবা নিতে আসছি। এখানে এসে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়েছি।
৩ নং আইমাছড়া ইউপির সাবেক মেম্বার তমির আলী বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বরকল জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৩০০ নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। এ জন্য আমি বর্ডার গার্ড বাংলাদেশ ৪৫ জোনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বরকল জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি বলেন, আজ প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। তিনি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন এবং বিজিবি ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র : বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page